লক্ষ্মীপুরে খুনিদের ধরতে সময় বেঁধে দিল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নেতা আবদুল মান্নান ভুঁইয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা৷ গতকাল রোববার সদর উপজেলার দাসেরহাট বাজারে প্রতিবাদ সভায় এ সময় বেঁধে দেন তাঁরা৷ আবদুল মান্নানকে হত্যার ১১ দিন পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷
দলীয় সূত্র জানায়, চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহীম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরউদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ৷
সভায় সদর উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল কাশেম চৌধুরী বলেন, আগামী সাত দিনের মধ্যে এসব খুনিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, মান্নানের খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷