লক্ষ্মীপুরে গুলিতে দুজন নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
লক্ষ্মীপুরে চারদলীয় জোটের গণমিছিলের সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ ও গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জুলফিকার আলী গত মঙ্গলবার বিচারিক হাকিম নজরুল ইসলামকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।গত ২৯ জানুয়ারি মিছিলে হামলা ও গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৫২ পুলিশের বিরুদ্ধে আদালতে আরজি জানান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান। আদালত ৬ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন। কিন্তু বাদীপক্ষ ওই দিন উপস্থিত না থাকায় আদালত ১৪ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।সংবাদ সম্মেলন: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ছৈয়দ শামছুল আলম বলেছেন, পুলিশ গুলি করে বিএনপির কর্মীদের হত্যা করেছে। উল্টো বিএনপি ও জামায়াতের ১৮১ জন নেতা-কর্মীসহ অজ্ঞাত সাত হাজার লোকের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। পুলিশের মামলায় পুলিশ বাদী, পুলিশ সাক্ষী এবং পুলিশ তদন্ত কর্মকর্তা। এ মামলায় ন্যায়বিচার পাওয়া যাবে না।গতকাল বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির ভবনে সংবাদ সম্মেলনে শামছুল আলম এ কথা বলেন।