লক্ষ্মীপুরে গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় ইসমাইল হোসেন ওরফে খোকন (৪০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির বড় ভাই সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাসেমের অভিযোগ, গতকাল সোমবার সন্ধ্যায় তিতারকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ সাদা গাড়িতে করে ইসমাইলকে তুলে নিয়ে যায়। পরে রাতে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পরে তিনি মারা যান।

আবুল কাসেম বলেন, সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি বাজারে বাড়ি থেকে তাঁর ছোট ভাই ইসমাইলকে সাদা একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। এ ব্যাপারে তিনি দাসেরহাট পুলিশ ফাঁড়ি, লক্ষ্মীপুর সদর থানা ও লক্ষ্মীপুর ডিবি পুলিশ কার্যালয়ে যোগাযোগ করেন। কিন্তু ইসমাইলের কোনো খোঁজ পাননি।

আবুল কাসেম আরও বলেন, রাত একটার দিকে জানা গেছে দিঘলী বাজারের পাশে দুর্গাপুর গ্রামে গুলিবিদ্ধ অবস্থায় ইসমাইল পড়ে আছেন। পরে সদর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। ইসমাইলকে সদর হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। আবুল কাসেম তাঁর ভাই ইসমাইলকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন।

দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, ইসমাইল নিহত হওয়ার ব্যাপারে তাঁরা কিছুই জানেন না।
তবে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ব্যাপারে পুলিশ সুপার সাংবাদিকদের কাছে ব্রিফিং করবেন।

পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, রাতে পুলিশ খবর পেয়ে দুর্গাপুরে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ইসমাইল হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। পরে সেখানে তিনি মারা যান।