লক্ষ্মীপুরে গুলিতে যুবদল কর্মী নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতী নগর ইউনিয়নের মকরধ্বজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী বাবর হোসেন (৩২) নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাবর হোসেন সোনাপুর গ্রামের তোফায়েল আহাম্মেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মকরধ্বজ পাঠান বাড়ির সামনে দুর্বৃত্তরা গুলি করে বাবরকে ফেলে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে লক্ষ্মীপুর সদর থানাকে ঘটনাটি জানানোর পর পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে পার্বতীনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ওহিদ উদ্দিন জানান, নিহত বাবর হোসেন তার ভাতিজা ও যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
লক্ষ্মীপুর সদর থানার যুবদলের সহ-সভাপতি মোরশেত আলম ভূইয়া জানান, যুবদলকর্মী বাবর হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।