লক্ষ্মীপুরে গুলিতে যুবদল কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার বড়ালিয়া গ্রামে গতকাল শনিবার মো. কামাল হোসেন (৩৫) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একই উপজেলার বসিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত জাফর আহমঞ্চদের ছেলে।
এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর জেলায়। গত বছর এ সংখ্যা ছিল ৪৩ জনে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সদরের বসিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের যুবদলের কর্মী কামাল হোসেনকে গতকাল ভোররাতে বাড়ি থেকে তুলে নেয় দুর্বৃত্তরা। পরে পার্শ্ববর্তী দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামের যুগী বাড়ির সামনে তাঁর হাত-পা বেঁধে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে যায় তারা। পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সরেজমিনে কামাল হোসেনের বাড়ি গিয়ে দেখা যায়, সেখানে কেউ নেই। কামাল হোসেনের এক প্রতিবেশী বলেন, কামাল হোসেনের সঙ্গে তাঁর মা ও ছোট ভাই শাহাদাত হোসেনের বিরোধ ছিল। এই বিরোধের সুযোগ নিয়ে স্থানীয় একটি বাহিনী এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
নিহত কামাল হোসেনের শ্বশুরবাড়ি দত্তপাড়ার বড়ালিয়া গ্রামে। ঘটনার দিন তাঁর স্ত্রী মারজাহান আক্তার বাবার বাড়িতে ছিলেন। তিনি জানান, দুই বছর আগে কামালের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁর শাশুড়ি সালেহা খাতুন ও দেবর শাহাদাত হোসেন তাঁর ওপর নির্যাতন চালাতে শুরু করেন। তাঁর স্বর্ণালংকার কেড়ে নেন। তিনি জানান, বিয়ের আগে তাঁর স্বামী দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সেখান থেকে প্রায় ৮০ লাখ টাকা বাড়িতে পাঠান। ওই টাকা নিয়ে মা-ভাইয়ের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। মা-ভাইয়ের দেওয়া মিথ্যা মামলায় জেল খেটে কামাল সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পান।
মারজাহান জানান, গতকাল সকালে স্বামীর মৃত্যুর খবর শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এ হত্যাকাণ্ডের জন্য তিনি তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করেন।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, এ হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বলা যাবে।
এ নিয়ে চলতি বছরে জেলায় ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড ঘটেছে ১১টি। এর মধ্যে গত ২২ জানুুয়ারি নিহত হন চরশাহী ইউনিয়ন যুবদলের কর্মী দিদার, ৭ ফেব্রুয়ারি শেখপুর গ্রামের যুবদলের কর্মী আবুল হোসেন, ১২ ফেব্রুয়ারি চাঁদপুর গ্রামের যুবদলের কর্মী মো. শাহাদাত হোসেন, ১৭ মার্চ সোনাপুর গ্রামের যুবদলের কর্মী বাবর হোসেন, ১৯ মার্চ কাজিরচর গ্রামে বিএনপির কর্মী শাকিল হোসেন।
এদিকে ১ ফেব্রুয়ারি দালাল বাজার গ্রামের যুবলীগের কর্মী মো. রাকিবুল ইসলাম, ৬ ফেব্রুয়ারি নলডগী গ্রামের ইউপি মেম্বার ও কুশাখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. উল্যাহ, ২০ মার্চ করপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতা নুর হোসেন, ৩১ মার্চ দুর্গাপুর গ্রামের যুবলীগের সেক্রেটারি কবির হোসেন, ৩ এপ্রিল হামছাদি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম নিহত হন। এ ছাড়া চলতি বছর রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া আরও ছয়টি হত্যাকাণ্ড ঘটেছে।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন বলেন, ২০০৯ থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত বিএনপির সন্ত্রাসীদের হাতে তাঁদের ১৮ জন নেতা-কর্মী নিহত হয়েছেন। অন্যদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান বলেন, ২০০৯ থেকে জেলায় এ পর্যন্ত বিএনপির ২৩ জন নেতা-কর্মী খুন হয়েছেন। তিনি তাঁদের নেতা-কর্মীদের হত্যার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেন।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম জানান, হত্যা সব সময় ছিল। হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তিনি লক্ষ্মীপুরে রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়নি বলে দাবি করেছেন।