লক্ষ্মীপুরে গুলিতে যুবলীগ কর্মী নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে শাহাদাত হোসেন টিপু (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে কে বা কারা তাঁকে গুলি করে হত্যা করেছে।
উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে শাহাদাত। হারুনুর রশিদ জানান, তিনি বিএনপির সমর্থক। তবে তাঁর ছেলে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কোনো পদে ছিলেন না। তিনি ছেলে হত্যার বিচার চান। সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজুল্লাহ বলেন, শাহাদাত যুবলীগের সমর্থক ছিলেন।
নিহত শাহাদাতের বোন উম্মে কুলছুম লিজা জানান, তাঁর ভাই বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে ভাত খাচ্ছিলেন। এ সময় তাঁর মুঠোফোনে একটি কল এলে তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। পরে রাতে আর বাড়িতে ফিরে আসেননি। মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। পরে গতকাল সকালে পাশের গ্রামের চাঁদপুর জামে মসজিদের কাছে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
চাঁদপুর জামে মসজিদের ইমাম নুরুল ইসলাম জানান, ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা পথে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় সূত্র জানায়, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নুর হোসেন ওরফে শামীম বাহিনী ও উত্তর জয়পুর ইউনিয়নের মোসলেহ উদ্দিন ওরফে মুন্না বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত বছরের মে মাসে শামীম বাহিনীর প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন সন্ত্রাসীদের হাতে নিহত হন। একই বছরের নভেম্বরে প্রতিপক্ষের গুলিতে নিহত হন মোসলেহ উদ্দিন।
সূত্র জানায়, নিহত শাহাদাত একসময় শামীম বাহিনীর সদস্য হিসেবে কাজ করতেন। বছর খানেক আগে মুন্না বাহিনীর প্রধান শাহাদাতকে মারধর করে ও ভয়ভীতি দেখিয়ে তাঁর দলে ভেড়ান। এর পর থেকে শাহাদাত মুন্না বাহিনীর সদস্য হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
লাশের সুরতহাল রিপোর্ট করেছেন দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান। তিনি জানান, শাহাদাতের পিঠ, কোমর ও পেটে তিনটি গুলি লেগেছে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে।