লক্ষ্মীপুরে গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রধারী নূর উদ্দিন । ফাইল ছবি
অস্ত্রধারী নূর উদ্দিন । ফাইল ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে রবিউল ইসলাম (২৭) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। তিনি হামছাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এদিকে পুলিশ দাবি করেছে, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব রাজাপুর গ্রামে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময় হয়। এতে পুলিশের চার সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসী নূর উদ্দিনকে (২৬) আটক করেছে।
সন্ত্রাসীদের গুলিতে নিহত রবিউল দক্ষিণ হামছাদী গ্রামের জাফর আহমেদের ছেলে। গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপীনাথপুর গ্রামের পালের হাট বাজার এলাকার মোহাম্মদ ব্যাপারীর বাড়ির পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন রবিউল। এ সময় পাঁচ-ছয়জন সন্ত্রাসী সেখানে এসে রবিউলের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাহ্ উদ্দিন টিপু দাবি করেন, রবিউল তাঁর নির্বাচনের একজন কর্মী ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য যুবদল ক্যাডার ফরিদ ও শিপলুকে দায়ী করে তাঁদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
তবে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন বকুল দাবি করেন, নির্বাচনে রবিউল তাঁর পক্ষে কাজ করেছেন।
সদর থানার ওসি (তদন্ত) মো. রকিবুল হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অস্ত্রসহ সন্ত্রাসী আটক: পুলিশের ভাষ্যমতে, গতকাল বেলা দুইটার দিকে নূর উদ্দিনসহ সাত-আটজন সন্ত্রাসী পূর্ব রাজাপুর গ্রামের ইউসুফ কোম্পানির বাড়ির সামনে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গেলে সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাঁচ-ছয়টি গুলি ছোড়ে। পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে আটটি ফাঁকা গুলি ছোড়েন। সংঘর্ষের সময় পুলিশ নূর উদ্দিনকে একটি এলজি ও দুটি গুলিসহ আটক করে। সংঘর্ষে এএসআই মো. সোহেল মিয়া এবং কনস্টেবল আরফান উদ্দিন, মো. সুমন ভূইয়া ও মো. সাহাব উদ্দিন আহত হন। তাঁরা সদর হাসপাতালে চিকিৎসা নেন।
পুলিশ জানায়, গত ৩১ মার্চ লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে কফিল উদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে সন্ত্রাসীরা ব্যালটবাক্স ছিনতাই করার জন্য হামলা চালায়। এ সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। অস্ত্রসহ সন্ত্রাসীদের একটি ছবি পরদিন প্রথম আলোর দ্বিতীয় পাতায় প্রকাশিত হয়। ওই ছবিতে গেঞ্জি পরা ও অস্ত্র হাতের ব্যক্তিই হলেন নূর উদ্দিন। তিনি সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, নূর উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় দুটি মামলা করা হবে। তিনি জানান, পত্রিকায় প্রকাশিত ছবির কারণেই তাঁকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।