লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ যুবদল নেতা মারা গেছেন
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আবুল হোসেন (৩০) সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার এক দিন পর আজ শুক্রবার সকালে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁকে গুলি করে সন্ত্রাসীরা।
আবুল হোসেনের বাড়ি শেখপুর গ্রামে। তাঁর বাবার নাম শামছুল হক।
নিহত আবুল হোসেনের পরিবার ও জেলা বিএনপি ওই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় নাছির বাহিনীকে দায়ী করেছে।
আবুল হোসেনের ভাই কালু মিয়া জানান, গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে চন্দ্রগঞ্জ বাজারের সমতা সিনেমা হলের সামনে থেকে তাঁর ভাই আবুল হোসেনকে মুঠোফোনে ডেকে নেওয়া হয়। জমি নিয়ে বিরোধের জের ধরে আবুল হোসেনকে পিঠে ও পায়ে গুলি করে নাছির বাহিনীর সন্ত্রাসীরা। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেলার এশিয়া হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান জানান, ‘আবুল হোসেন ইউনিয়ন যুবদলের সদস্য। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নাছির বাহিনীর লোকেরা আবুল হোসেনকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, আবুল হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হবে। নিহত আবুল হোসেনের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও তিনি জানান।