লক্ষ্মীপুরে গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের রতনেরখিল গ্রামের নূরনাহার বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নূরনাহারের স্বামী নূরনবীকে পুলিশ আটক করেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নূরনবী গত বৃহস্পতিবার রাতে নিজের পোলট্রি খামার পাহারা দিতে স্ত্রী নূরনাহারকে নিয়ে খামারসংলগ্ন একটি ঘরে ঘুমাতে যান। কিন্তু পরদিন সকালে লোকজন ওই ঘরে নূরনাহারের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে। এ সময় নূরনবী ঘরের পাশে রাস্তায় বসে ছিলেন। খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার এবং নূরনবীকে আটক করে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় বসে নূরনবী জানান, রাতে খামারসংলগ্ন ঘরে একদল ডাকাত হানা দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। চার-পাঁচজন ডাকাত তাঁর হাত-পা চেপে ধরে টাকা না দিলে হত্যার হুমকি দেয়। এ সময় তাঁর স্ত্রী ডাকাতদের বলে, টাকা তাঁর কাছে। তখন ডাকাতেরা নূরনবীকে ছেড়ে ঘরে নূরনাহারের কাছে যায়। কিন্তু টাকা না পেয়ে ডাকাতেরা তাঁকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। সদর থানার ওসি গোলাম সারোয়ার জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নূরনবীকে আটক করা হয়েছে। নিহত গৃহবধূর বাবা হাজি মো. আবু সুফিয়ান মেয়েজামাই নূরনবী ও অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।