লক্ষ্মীপুরে গ্যাস-সংকট তীব্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর শহরসহ সদর উপজেলায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বাসাবাড়িতে রান্নাবান্নায় ব্যাপক সমস্যা হচ্ছে। বিপাকে পড়েছে হোটেল, রেস্তোরাঁ, ফিলিং স্টেশনসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও।
বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের লক্ষ্মীপুর বিতরণ কার্যালয় সূত্রে জানা গেছে, শহর এলাকায় চার হাজার ৮৭৪টি পরিবারে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া বাণিজ্যিকভাবে ৬৫টি প্রতিষ্ঠান ও দুটি সিএনজি স্টেশনে গ্যাসের সংযোগ দেওয়া হয়। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে লক্ষ্মীপুরবাসীর চাহিদা অনুযায়ী দিনে ২ দশমিক ২৫ মিলিয়ন ঘনফুট (এমএমএসসিএফডি) গ্যাস পাওয়া যেত। কিন্তু বর্তমানে ওই পরিমাণের চার ভাগের এক ভাগও পাওয়া যাচ্ছে না।
সরেজমিন শহরের ল ইয়ার্স কলোনি, মদিন উল্যাহ হাউজিং আবাসিক এলাকা, মোবারক কলোনি, শিল্প কলোনি, বাগবাড়ী, বাঞ্চানগর ও মজুপুর এলাকায় গিয়ে দেখা গেছে, গ্যাসের অভাবে নারীরা লাকড়ি দিয়ে মাটির চুলায় রান্না করছেন। কেউ আবার তেলচালিত স্টোভ ব্যবহার করছেন। এ সময় সাবেক কমিশনার সালমা আক্তার, শিক্ষক সেলিনা আক্তার, গৃহিণী খোদেজা আক্তার, শিল্পী আক্তারসহ অনেকে জানান, এক মাসেরও বেশি সময় ধরে সকাল সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত চুলায় গ্যাস থাকে না। তাই গ্যাস দিয়ে রান্নাবান্না করা সম্ভব হচ্ছে না।
শহরের উত্তর তেমুহনীর মোহাম্মদীয়া হোটেলের ব্যবস্থাপক আবদুল হক জানান, এক মাসেরও বেশি সময় ধরে হোটেলের চুলায় সকাল সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস থাকে না। এতে ব্যবসার খুবই ক্ষতি হচ্ছে।
সদরের গ্রিন লিফ ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, দুই শতাধিক সিএনজিচালিত অটোরিকশা ও বেশ কয়েকটি মাইক্রোবাস গ্যাসের জন্য সারিতে রয়েছে। এ সময় দুটি গাড়ির চালক আবুল কাসেম বলেন, ‘সন্ধ্যা সাতটায় সারিতে দাঁড়িয়ে রাত একটার দিকে গ্যাস পেয়েছি। এভাবে প্রতিনিয়ত আমাদের কষ্ট করতে হয়।’ মান্দারী এলাকার অটোরিকশাচালক মো. হারুন জানান, গ্যাস-সংকটের কারণে এক মাস ধরে তিনি গাড়ি গ্যারেজে রেখেছেন।
অটোরিকশাচালক আবদুল মালেক, মো. হারুন, আবুল কাশেমসহ কয়েকজন বলেন, গাড়ির মালিকেরা প্রতিদিন তাঁদের কাছ থেকে ৪০০-৫০০ টাকা জমা নিয়ে যান। কিন্তু সময়মতো গ্যাস না পাওয়ায় তাঁদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
গ্রিন লিফ ফিলিং স্টেশনের প্রজেক্ট ম্যানেজার আবদুস সালাম বলেন, ‘আমাদের এখান থেকে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার গাড়িতে গ্যাস সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে গ্যাস-সংকটের কারণে আমরা যেমন ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তেমনি ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।’
বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের লক্ষ্মীপুর বিতরণ কার্যালয়ের উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, গ্যাস-সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।