লক্ষ্মীপুরে গ্যাস-সংকট রান্না চলছে লাকড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে তীব্র গ্যাস-সংকট দেখা দিয়েছে। এতে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্র জানায়, বেগমগঞ্জ গ্যাসফিল্ড থেকে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করার কথা। কিন্তু বর্তমানে তোলা হচ্ছে ১ মিলিয়ন ঘনফুট। এতে লক্ষ্মীপুরে তীব্র গ্যাস-সংকট দেখা দিয়েছে।
লক্ষ্মীপুরে ৭০টি বাণিজ্যিক, ৬ হাজার ৭০০টি আবাসিক, দুটি সিএনজি ফিলিং স্টেশন ও দুটি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর পৌরসভার সামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. সাইফুল ইসলাম, রোজ গার্ডেন ও ক্যাফে কুইনের মালিক মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদীয়া হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন বলেন, এক মাস ধরে গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। দিনের বেশির ভাগ সময় গ্যাস থাকে না। রাত ১০-১১টার দিকে গ্যাস আসে। থাকে সকাল ছয়টা পর্যন্ত। কিন্তু এ সময়ে গ্যাসের চাপ থাকে অনেক কম—যা দিয়ে রেস্তোরাঁর রান্নাবান্না করা সম্ভব হয় না। তাই বাধ্য হয়ে লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে।
পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কালুহাজি সড়কের বাসিন্দা ও স্কুলশিক্ষিকা খাদিজা ইয়াছমিন বলেন, প্রয়োজনের সময় গ্যাস থাকে না। কিন্তু গ্যাস বিল ঠিকই দিতে হচ্ছে। তিনি জানান, সকালে লাকড়ির চুলায় রান্না শেষ করে তিনি স্কুলে যান।
লক্ষ্মীপুর বিসিক শিল্প নগরের সুলতানিয়া বেকারির ব্যবস্থাপক মীর হোসেন বলেন, দিনে গ্যাস না থাকায় চাহিদামতো কারখানায় উৎপাদন করা যাচ্ছে না। এতে মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
গত সোমবার দুপুরে লক্ষ্মীপুর শহরের আটিয়াতলী গ্রামে গ্রিন লিফ ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, গ্যাস নেওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ সারি।
কমলনগর উপজেলার চরলরেন্স গ্রামের অটোরিকশার চালক জসিম উদ্দিনসহ কয়েকজন বলেন, গ্যাস নিতে এসে ফিলিং স্টেশনে ছয়-সাত ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ ছাড়া গ্যাসের চাপ কম থাকায় অর্ধেক গ্যাস নিয়ে স্টেশন ছাড়তে হয়।
ফিলিং স্টেশনের কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, চাপ কম থাকায় চাহিদামতো গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক আলতাফ হোসেন বলেন, প্রয়োজনের তুলনায় গ্যাস সরবরাহ কম থাকায় গ্রাহকেরা কিছুটা কষ্টে আছেন। চাহিদা অনুযায়ী গ্যাস উত্তোলন করা হলে এ সংকট থাকবে না।