লক্ষ্মীপুরে চিকিৎসকের বাসায় দুর্বৃত্তদের হামলা
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা সুবাস চন্দ্র দাসের বাসায় গত রোববার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।ভুক্তভোগী পরিবারটির ভাষ্যমতে, রাত একটার দিকে দিঘলী বাজারে অবস্থিত সুবাস চন্দ্রের বাসায় স্থানীয় সন্ত্রাসী ও মাদকসেবী তাজু, মাসুদ, আলমগীর, বিপ্লব দাস, গিয়াসউদ্দিনসহ ১০-১২ জনের একটি দল হামলা চালায়। তারা দরজা-জানালা ভেঙে ভেতরে ঢোকার সময় বাসার লোকজনের চিৎকারে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী ছুটে এলে তারা পালিয়ে যায়।এলাকাবাসী জানান, এ ঘটনার পর হামলাকারীরা মদ খেয়ে কামার হাট নামক স্থানে রাতভর অস্বাভাবিক আচরণ করে। এ সময় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয় অন্যতম হামলাকারী দিঘলী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের গিয়াসউদ্দিন। তাকে রাতেই শহরের সুপ্রিম কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দিঘলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইসমাঈল হোসেন জানান, চিকিৎসকের বাসায় হামলার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।