লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবি
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন হত্যার বিচারের দাবি করেছে তাঁর পরিবার।
গতকাল শনিবার লক্ষ্মীপুর শহরে স্থানীয় একটি সংবাদপত্রের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের বাবা রিয়াজ উদ্দিন বলেন, তাঁর ছেলে এমরান হোসেন (২৩) নোয়াখালী সরকারি কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র ছিল। সে গত ২৪ ডিসেম্বর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চৌরাস্তা বাজারে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। গত ২৯ ডিসেম্বর তেওয়ারীগঞ্জ ইউনিয়নের নুরুল্যাহ গোডাউন-সংলগ্ন একটি পুকুর থেকে এমরানের লাশ উদ্ধার করে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. আবদুল্লাহ্ আল মামুন ভুইয়া বলেন, এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।