লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আমজাদ হোসেন ওরফে আজিম এবং একই কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী জিহাদ হোসেন ওরফে সোহাগ।
পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার এইচএসসির ইংরেজি পরীক্ষা চলাকালে আমজাদ হোসেন ও জিহাদ হোসেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে প্রবেশ করে নকল সরবরাহ করেন। এ সময় পুলিশ তাঁদের আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান জানান, পরীক্ষা চালাকালে নকল দেওয়ার অভিযোগে আমজাদ হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জিহাদ হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ড ঘোষণার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, আমজাদকে কারাগারে পাঠানো হয়েছে। আর জরিমানা আদায় করে জিহাদকে ছেড়ে দেওয়া হয়।