লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণীতে ভর্তিকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে বুধবার ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে গতকাল বুধবার সংঘর্ষ হয়েছে। এতে ওই কলেজের দুই শিক্ষকসহ ছাত্রলীগের ২০ জন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। আহত ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগ কর্মী শাকিল, মোহন ও জুয়েলের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কাউছার মঙ্গলবার সকালে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে কফিল উদ্দিন ডিগ্রি কলেজে ভর্তি করাতে যান। এ সময় তিনি কলেজ কর্তৃপক্ষকে ভর্তি ফি বাবদ টাকা কম দেওয়ার চেষ্টা করেন। এতে কলেজের কর্মচারীদের সঙ্গে কাউছারের বাগিবতণ্ডা হয়। এ সময় কলেজের ছাত্রলীগের কর্মীরা কাউছারকে মারধর করেন। এ ঘটনার জের ধরে গতকাল সকালে কাউছার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান ওরফে রুবেল ও বাকী বিল্লাহর নেতৃত্বে বেশ কয়েকজন ওই কলেজে যান। ছাত্রলীগের কলেজ শাখার আহ্বায়ক আনসার উদ্দিনের নেতৃত্বে একটি পক্ষ তাঁদের ধাওয়া করে। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কলেজের শিক্ষক মুজাহিদ ও শহিদ এবং ছাত্রলীগ কর্মী রিংকু, নোমান, বাবলুসহ ২০ জন আহত হন। এ সময় অধ্যক্ষের কক্ষ ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ রুবেল, প্রিন্স, বাকি বিল্লাহসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।