লক্ষ্মীপুরে ছাত্রীকে অপহরণের চেষ্টা দুই বখাটে আটক
লক্ষ্মীপুর কলেজিয়েট স্কুলের সামনে থেকে গতকাল বুধবার এক ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে দুই বখাটেকে আটক করে জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন জানান, শহরের ৯ নম্বর ওয়ার্ডের সমশেরাবাদ এলাকার একটি মেয়ে এ বছর লক্ষ্মীপুর কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। মেয়েটি শিক্ষকদের সঙ্গে দেখা করতে গতকাল দুপুরে স্কুলের উদ্দেশে রওনা হয়। সে স্কুলের সামনে পৌঁছাতেই ওত পেতে থাকা একই এলাকার বখাটে মো. রাকিব (২৫) ও নোমান (২০) তাকে একটি অটোরিকশায় উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ও সরকারি কলেজের ছাত্ররা গিয়ে দুর্বৃত্তদের আটক করে। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।মেয়েটির নানা অভিযোগ করেন, আটক বখাটেরা দীর্ঘদিন ধরে তাঁর নাতনিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তারা মেয়েটিকে অপহরণ করতে চেয়েছিল।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার গতকাল বিকেলে জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।