লক্ষ্মীপুরে ছেলে হত্যার দায়ে মা-ভাইসহ ৫ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে মুরাদুল ইসলাম সুমন (২২) হত্যা মামলায় তাঁর মা, ভাইসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি সাদ্দাম হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন নিহত সুমনের মা হাসিনা বেগম ও ভাই মো. সোহেল। দণ্ডপ্রাপ্ত অপর তিনজন হলেন কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মৃত মমিন উল্লাহর ছেলে মো. সাদ্দাম হোসেন (২৫), আনোয়ার উল্যাহর ছেলে আবদুর রহিম ও ইসমাইল হোসেন প্রকাশ ওরফে কালা ইসমাইল।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি নিখোঁজ হন লক্ষ্মীপুর সদর উপজেলার সাহাপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মুরাদুল ইসলাম সুমন। নিখোঁজ হওয়ার দুদিন পর ৮ ফেব্রুয়ারি বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুরের একটি ডোবায় তাঁর মরদেহ পাওয়া যায়। পরে নিহত সুমনের মা হাসিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে সাদ্দাম নামের একজনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে সুমনের মা হাসিনা বেগম ও ভাই সোহেলের সম্পৃক্ততায় ৯০ হাজার টাকার বিনিময়ে পাঁচজন মিলে সুমনকে হত্যার কথা স্বীকার করেন সাদ্দাম।

তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর নিহত মুরাদুল ইসলামের মা ও ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন বলেন, আসামি হাসিনা বেগমের আপন ছেলে মুরাদুল ইসলাম। বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে এবং ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ওই দণ্ডাদেশ দেন আদালত।