লক্ষ্মীপুরে জঙ্গিবাদের বিরুদ্ধে ইমামদের নিয়ে সমাবেশ
লক্ষ্মীপুরে বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে জঙ্গিবাদবিরোধী সমাবেশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গতকাল সোমবার শহরের নছির আহম্মদ ভূঁইয়া মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে শতাধিক ইমাম অংশ নেন।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী এই সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ এ কে এম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক শামছুল আলম, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রাজ্জাকুল হায়দার, অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সজাগ করতে বিভিন্ন মসজিদের ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে মুসল্লিদের ঐক্যবদ্ধ করতে হবে। যারা ইসলামের নামে মানুষ হত্যা করে, তারা প্রকৃত মুসলমান নয়। বক্তারা বলেন, সন্তান কার সঙ্গে চলাফেরা করে, কোথায় যায়—এসব বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।