লক্ষ্মীপুরে জিসান বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের সোলামাইন হোসেন জিসান ও তাঁর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। কিন্তু ভয়ে তাঁরা কেউ মুখ খুলতে নারাজ। তাঁর অত্যাচার থেকে বাঁচতে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর শাখার সভাপতি ডা. শহিদ উল্লা। দুপুরে লক্ষ্মীপুরের স্থানীয় একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে সংবাদ সমেঞ্চলনে শহিদ উল্লা জানান, জিসান একসময় ছাত্রদল করতেন। সেখান থেকে বহিষ্কৃত হওয়ার পর লক্ষ্মীপুর জেলার পূর্বাঞ্চলে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তিনি। তাঁর ভয়ে এলাকায় কেউ মুখও খুলে না। শহিদ উল্লা আরও জানান, জিসান ৬ জুন তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁকে হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে। এই বাহিনীর বিরুদ্ধে মামলা করায় ২০ জুনও টেলিফোনে জিসান বাহিনী তাঁর অবস্থাও মহসিনের মতো করা হবে বলে জানায়। এ অবস্থায় তিনি পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। সংবাদ সম্মেলনে শহিদ উল্লা জিসানের হামলা থেকে তাঁকে রক্ষাসহ প্রশাসনের কাছে ওই সন্ত্রাসীর গ্রেপ্তার দাবি করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার জানান, জিসানের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের মামলা রয়েছে। নোয়াখালীর সুধারাম থানা ও লক্ষ্মীপুর সদর থানায় তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। জিসান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।