লক্ষ্মীপুরে জিসান বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ আহত ৭, গ্রেপ্তার ৩
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে সন্ত্রাসী জিসান বাহিনীর সঙ্গে গত বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় দুই পুলিশসহ সাতজন আহত হয়েছে। পুলিশ এ সময় ৬৯টি গুলি চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গভীর রাতে সন্ত্রাসী জিসান বাহিনীর ৪০-৫০ জন সদস্য অস্ত্র নিয়ে চন্দ্রগঞ্জ ঈদের বাজারের দোকানিদের কাছে মোটা অঙ্কের চাঁদা তুলতে যায়। এ সময় পুলিশ খবর পেয়ে তাদের গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে আহত হয়েছেন কনস্টেবল মো. সফিক ও মো. বোরহান উদ্দিন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যদিকে পুলিশের গুলিতে সন্ত্রাসীদের অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের গোপনে নোয়াখালীর বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে জিসান বাহিনীর সন্ত্রাসী মো. সুমন, মো. সবুজ ও মো. ফয়সালকে আটক করেছে।