লক্ষ্মীপুরে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই নারী হলেন খুশি আক্তার (৩২) ও পূর্ণিমা আক্তার (৩৫)। খুশি উপজেলার গঙ্গাপুর এলাকার মো. শাজাহানের স্ত্রী ও পূর্ণিমা একই এলাকার শাহ আলমের স্ত্রী। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছেন স্থানীয় লোকজন।
পুলিশ সূত্রে জানা যায়, খুশি ও পূর্ণিমা অটোরিকশায় লক্ষ্মীপুর যাচ্ছিলেন। দালাল বাজারের তেমুহনী এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে খুশি মারা যান। আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে পূর্ণিমার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক আবু নাছের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।