লক্ষ্মীপুরে ডাকাতির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে গত মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতির চেষ্টার অভিযোগে নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. ইলিয়াছ (২৫), মো. মাসুদ (২০), মো. সুমন (২৪), রুবেল হোসেন (২৮), মিন্টু মিয়া (৩০), মামুন হোসেন (১৯), মো. রতন (২০), মো. আব্বাস (২৫) ও মো. সেলিম (২১)। পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দিবাগত রাতে বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের দরজার তালা ভাঙার সময় আশপাশের ব্যবসায়ীরা টের পেয়ে চন্দ্রগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে নয় ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে গ্রিল কাটার যন্ত্র, ছয়টি চাপাতি ও তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়।লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি জানান, এই ঘটনায় চন্দ্রগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মামুন ডাকাতির চেষ্টা ও অস্ত্র আইনে নয় ডাকাতের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।