লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে ছাত্র নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী গ্রামে গত শনিবার গভীর রাতে ডাকাতের গুলিতে এক কলেজছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। ডাকাতেরা স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।গৃহকর্তা কার্তিক চন্দ্র পাল জানান, রাত দুইটার দিকে ১৫-২০ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত দরজা ভেঙে ঘরে ঢোকে। এ সময় ঘরের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা গুলি চালায়। এতে তাঁর ছেলে লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র দীপ্ত চন্দ্র পাল (১৭) ও ভাতিজা কাঞ্চন চন্দ্র পাল (৪১) গুরুতর আহত হন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দীপ্তকে মৃত ঘোষণা করেন। আহত কাঞ্চনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কার্তিক চন্দ্রের দাবি, ডাকাতেরা তাঁর ঘর থেকে নগদ ২০ হাজার টাকাসহ সাত ভরি স্বর্ণালংকার ও পাশের অনিল চন্দ্র পালের ঘর থেকে ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।লক্ষ্মীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান জানান, খবর পেয়ে রাতেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।