লক্ষ্মীপুরে তিন সপ্তাহেও উদ্ধার হয়নি অপহূত কলেজছাত্রী
লক্ষ্মীপুর সদর উপজেলায় অপহূত কলেজছাত্রীকে (১৭) গত তিন সপ্তাহেও উদ্ধার করতে পারেনি পুলিশ। মেয়েটিকে উদ্ধার ও পরিবারের নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।অপহূত কলেজছাত্রীর পরিবারের ভাষ্যমতে, ৪ জুন সন্ধ্যায় ইমরান হোসেনের নেতৃত্বে স্থানীয় কয়েকজন বখাটে যুবক সিএনজি অটোরিকশাযোগে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। সদর থানায় ওই রাতেই এ ব্যাপারে একটি মামলা করা হয়। তরুণীর বাবা বলেন, অপহরণকারীরা এখন তাঁকে দেশত্যাগের এবং তাঁর শিশু ছেলেকে অপহরণের হুমকি দিচ্ছে। মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্যও হুমকি দিচ্ছে তারা।তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, মেয়েটির সঙ্গে ইমরানের প্রেমের সম্পর্ক ছিল এবং তারা পালিয়ে বিয়ে করেছে।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনোয়ার হোসেন ও বাপন মালাকার নামের দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অপহূতকে উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।