লক্ষ্মীপুরে দুই পক্ষে বন্দুকযুদ্ধে ইউপি চেয়ারম্যানসহ নিহত ৩
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পশ্চিম জামিরতলী গ্রামে গতকাল বুধবার দুই পক্ষে ব্যাপক গুলিবিনিময় হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একপক্ষের নেতৃত্বে রয়েছেন বিএনপির নেতা আসাদুজ্জামান ওরফে বাবুল। অন্যপক্ষে পার্শ্ববর্তী দত্তপাড়া ইউপির চেয়ারম্যান নুর হোসেন ওরফে শামীম। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তিরা হলেন ইউপির চেয়ারম্যান নুর হোসেন, স্থানীয় কৃষক মোসলেহ উদ্দিন ও জসিম উদ্দিন।
পুলিশ জানায়, সংঘর্ষে দুই পক্ষে অন্তত এক হাজারটি গুলিবিনিময় হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আরও ২০০টি গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দত্তপাড়া ইউপির চেয়ারম্যান নুর হোসেন তাঁর পক্ষের লোকজন (বাহিনী) নিয়ে পার্শ্ববর্তী দিঘলী ইউনিয়নের পশ্চিম জামিরতলী গ্রামে যান। এরপর তাঁরা ওই গ্রামে থেমে থেমে প্রায় দুইটা পর্যন্ত এলোপাতাড়ি শতাধিক গুলি ছোড়েন। এ সময় তাঁদের গুলিতে স্থানীয় কৃষক মোসলেহ উদ্দিন ঘটনাস্থলে নিহত হন। নুর হোসেন ও তাঁর লোকজনের উপস্থিতি টের পেয়ে আসাদুজ্জামানের লোকজন জড়ো হন। একপর্যায়ে বেলা দুইটার দিকে আসাদুজ্জামান ও তাঁর লোকজন এলাকাবাসীকে নিয়ে নুর হোসেন ও তাঁর লোকজনকে ঘিরে ফেলেন। এ সময় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে প্রায় এক হাজারটি গুলিবিনিময় হয়। এ সময় নুর হোসেন ও তাঁর সহযোগী জসিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। গুলিবিদ্ধ হন আরও ২০ জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই শতাধিক গুলি ছোড়ে।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন লোকমান, সোহাগ, মো. রুপক, দেলোয়ারা বেগম, মো. রাকিব, আসাদুজ্জামান প্রমুখ। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান, ঘটনাস্থল থেকে তিনটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া লাদেন, মাসুমসহ ১০ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনা সম্পর্কে জানতে আসাদুজ্জামানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বন্ধ পাওয়া যায়। কথা বলার জন্য নুর হোসেনের পক্ষের কাউকে পাওয়া যায়নি।