লক্ষ্মীপুরে দুই পক্ষের গুলিবিনিময় আহত ৩
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে উভয় পক্ষের তিনজন গুলিবিদ্ধ হয়।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর হোসেন ও সাবেক ইউপি সদস্য আবদুল আজিজ পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হচ্ছেন আজিজ পক্ষের মো. নবী (২৫), রাসেল হোসেনসহ (২২) তিনজন। তাঁদের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।দত্তপাড়া তদন্তকেন্দ্রের পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এ দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ২৪ ডিসেম্বর রাতে দত্তপাড়া বাজারে বণিক সমিতির নির্বাচন হয়। ওই নির্বাচনে আজিজ পক্ষের সমর্থিত প্রার্থী সাধারণ সম্পাদক পদে ব্যবসায়ী তারেক মনোয়ার বিজয়ী হওয়ার পর নূর হোসেন পক্ষের লোকজন বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং আজিজ পক্ষের একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। পরে পুলিশের সঙ্গে নূর হোসেন বাহিনীর তিন ঘণ্টাব্যাপী গোলাগুলিতে ছয় পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনার জের ধরে গত বুধবার রাতে দত্তপাড়া বাজারে আজিজ পক্ষের লোকজন শামীম পক্ষের একটি মোটরসাইকেল আটক করে। গতকাল দুপুরে বাজার এলাকায় চেয়ারম্যান নূর হোসেন ও তাঁর পক্ষের সদস্য আজিজ পক্ষের সদস্যদের ধাওয়া করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শতাধিক গুলিবিনিময় হয়। এ ব্যাপারে আজিজ পক্ষের বেলাল হোসেন বলেন, ‘নূর হোসেন ও লাদেন মাছুমের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের বাড়ি ঘেরাও করে শতাধিক গুলি ছোড়ে।’অপর দিকে ইউপি চেয়ারম্যান নূর হোসেন বলেন, আজিজ বাহিনীর সন্ত্রাসীরা বাজারে ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা করে। ব্যবসায়ীদের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।এদিকে দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ কাজী আলাউদ্দিন গুলিবিনিময়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গেলে দুই পক্ষের লোকজন পালিয়ে যায়।