লক্ষ্মীপুরে দুই পক্ষের গোলাগুলি বাড়িতে আগুন
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে গতকাল রোববার জিসান ও নাছির বাহিনীর সমর্থকদের মধ্যে গুলিবিনিময় ঘটনার জের ধরে গতকাল রোববার জিসানের সমর্থকেরা নাছিরের বাড়িতে আগুন দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, শনিবার রাতে জিসানের সমর্থক সাদ্দাম হোসেনকে নাছিরের সমর্থকেরা অপহরণ করে। এর জের ধরে দুই পক্ষের গুলিবিনিময় হয়। পরে পুলিশ গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
নাছিরের বাবা তোফায়েল আহমদ দাবি করেন, গতকাল দুপুর ১২টার দিকে জিসান বাহিনীর সমর্থকেরা তাঁদের বাড়িতে প্রবেশ করে ভাই বাদশা মিয়া, তোতা মিয়া, আবুল হাসেম ও নাছিরের বসতঘরে আগুন দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।
জিসান সোলায়মান উদ্দিন বাহিনীর প্রধান ও বিএনপির সমর্থক বলে পরিচিত। তাঁর বিরুদ্ধে খুন, অপহরণ, চাঁদাবাজি, অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আর নাছির এলাকায় দুর্ধর্ষ ডাকাত বলে পরিচিতি। তাঁর বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা রয়েছে। লক্ষ্মীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।