লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গত রোববার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো: মো. ফরহাদ, রাজু আহমেদ, আপন মাহমুদ, হারুনুর রশিদ, মো. ইউছুফ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর ও ভৈরবনগর গ্রামে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের পাটোয়ারীবাড়িতে রোববার রাত ১০টার দিকে এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীরা ওই বাড়ির মো. সোলায়মান জিসান, রিংকু, মো. কামাল হোসেন, নুর মোহামঞ্চদ, মো. আলমগীর, মো. সিরাজের বসতঘর ভাঙচুর করে এবং লুটপাট চালায় বলে অভিযোগ করেন এলাকাবাসী। সোলায়মান বলেন, সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ ও লুট করেছে। হামলা ও ভাঙচুরের কারণে বাড়ির লোকজনের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার পর পাশের গ্রাম ভৈরবনগরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাইন উদ্দিনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মাইন উদ্দিন অভিযোগ করেন, সোলায়মানের নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের একপর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে কয়েক লাখ টাকার মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। এ ছাড়া সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সোলায়মান হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমাদের বাড়ির একাধিক পরিবারের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।’ চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, আধিপত্য বিস্তারের জের ধরে এসব ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলা ও ভাঙচুরের বিষয়ে গতকাল রাত পর্যন্ত কেউ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেনি।