লক্ষ্মীপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। উপজেলার কুশাখালী ইউনিয়নের কাঁঠালী গ্রামে গত শুক্রবার বিকেলে এ সংঘর্ষ হয়। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হয়।সদর হাসপাতালে চিকিৎসাধীন আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনার দিন তাঁদের জমি চাষ করতে আসেন কাঁঠালী গ্রামের আবুল খায়ের। এ সময় তাঁকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে খায়েরের স্ত্রী শাহিনুর বেগম, ভাই আজাহার, আবুল কাসেম, আবু ছৈয়দসহ কয়েকজনের হামলায় আহত হন আলাউদ্দিন ও তাঁর স্ত্রী মিনা আক্তার, আবুল বাশার ও তাঁর স্ত্রী নূরজাহান এবং জিয়ারুল হক। এ ব্যাপারে লক্ষ্মীপুর থানায় একটি মামলা হয়েছে।অপরদিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন আবুল খায়ের বলেন, ঘটনার দিন নিজের জমি চাষ করতে গিয়ে তিনি প্রতিপক্ষের হামলার শিকার হন। এ সময় তাঁর স্ত্রী শাহিনুর বেগম ছাড়াও ভাই আবুল কাসেম ও আবু ছৈয়দ আহত হন। মারামারির পর তাঁদের ফাঁসাতে প্রতিপক্ষ নিজেদের ঘরে আগুন দিয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুস ছাত্তার সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।দাসেরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বলেন, মারামারির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সমর্থ হন। উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।