লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদ্রাসাছাত্র তুষার হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা এবং অন্য এক ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাঁদের আরও পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আক্তার হোসেন গতকাল মঙ্গলবার বিকেলে ওই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন রামগঞ্জ উপজেলার মধ্য বিঘা গ্রামের আবদুর রহিমের ছেলে আলমগীর হোসেন ও আরিফুল ইসলাম। নিহত তুষার রামগঞ্জের শেখপুর গ্রামের কালু মিয়ার ছেলে ও পূর্ব বিঘা আহমদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, মাদ্রাসাছাত্র তুষারকে আসামি আলমগীর হোসেন ও আরিফুল ইসলাম পূর্ববিরোধের জের ধরে ২০১০ সালের ২৩ আগস্ট হত্যার পর ওই এলাকার একটি পুকুরে ফেলে রাখে। ঘটনার পরদিন নিহতের বাবা কালু মিয়া বাদী হয়ে একটি মামলা করেন।
লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসীম উদ্দিন জানান, তুষার হত্যা মামলায় ৩০১ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় আলমগীর হোসেন ও আরিফুল ইসলামকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ১ লাখ টাকা করে জরিমানাসহ ২০১ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় আরও পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।