লক্ষ্মীপুরে দুই মামলায় ৫ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে পৃথক দুই মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম এ রায় দেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ এপ্রিল সকালে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করা হয়। এ ঘটনার দিনদুপুরে ওই কিশোরীর বাবা শংকর চন্দ্র দাস বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে টুটুল চন্দ্র দাসকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। এ মামলায় টুটুল চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপর দিকে, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর রাতে রায়পুর উপজেলার শিবপুর গ্রামে স্ত্রী জোসনার বাড়িতে রাব্বিকে ডেকে নেওয়া হয়। পরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে অপমান করেন। অপমান সহ্য করতে না পেরে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রাব্বি। এ ঘটনায় তাঁর বাবা নুরুল আমিন পাটোয়ারি বাদী হয়ে ৯ সেপ্টেম্বর রায়পুর থানায় একটি মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ রাব্বির শ্বশুর জয়নাল আবদীন, শাশুড়ি রেজিয়া বেগম, স্ত্রী জোসনা আক্তার ও জোসনা আক্তারের ফুপাতো ভাই মো. আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।