লক্ষ্মীপুরে দুটি বাড়ি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা
লক্ষ্মীপুর সদর উপজেলার বালাইশপুর ও রাধাপুর গ্রামে সন্ত্রাসীরা দুটি বাড়ি পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান।এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীর সমর্থিত ৩০ থেকে ৪০ জন মুখোশপরা সন্ত্রাসী ওই ইউনিয়নের বালাইশপুর গ্রামের চৌকিদারবাড়ির সেলিমের বসতঘর এবং পার্শ্ববর্তী রাধাপুর গ্রামের কামরুল ইসলামের বসতঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এ সময় প্রতিবেশীরা আগুন দেখলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর গ্রামবাসী ঘরের আগুন নেভাতে সক্ষম হয়।গত শনিবার রাতে অস্ত্রের মুখে কাশেম জিহাদীকে কথিত অপহরণের দুই দিন পর পুলিশ তাঁকে উদ্ধার করে। এ ঘটনার জের ধরে অগ্নিসংযোগ হতে পারে বলে এলাকাবাসী জানান। কাশেম জিহাদীর মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তাঁকে পাওয়া যায়নি।