লক্ষ্মীপুরে দুটি সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের সদর উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এবং গত রোববার দিবাগত রাতে দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব গঙ্গাপুর গ্রামে এ দুটি সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছেন, দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম বেলাল হোসেন আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত মো. শামীমও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট খেলার পোস্টার লাগানো নিয়ে ঝগড়ার জের ধরে গতকাল শামীম তাঁর সহযোগী পিন্টু, কামাল ও জসীমসহ বেশ কয়েকজন বেলাল হোসেনের উপস্থিতিতেই তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। তাঁরা বেলাল ও তাঁর সমর্থকদের মারধর করেন এবং গুলি করে পালিয়ে যান। তাঁদের হামলায় বেলাল ও তাঁর স্ত্রী তাহমিনা আক্তারসহ পাঁচজন আহত হন। বেলাল হোসেন বলেন, নির্বাচন সামনে রেখে আতঙ্ক সৃষ্টির জন্যই শামীম তাঁর ওপর হামলা চালিয়েছেন। শামীম দাবি করেন, তিনি বা তাঁর কোনো লোক হামলা চালাননি। অন্যদিকে রোববার রাতে পূর্ব গঙ্গাপুর গ্রামে একটি বাড়িতে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছানা উল্যা মিয়া নিজ সমর্থকদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মীর শাহ আলম ও তাঁর সমর্থকেরা হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০ জন আহত হন।