লক্ষ্মীপুরে দুটি সেতুর সংস্কার হয়নি দীর্ঘদিন, দুর্ভোগ চরমে
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ বাজারের দুই পাশের দুটি সেতু দীর্ঘদিনেও সংস্কার না করায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, তেওয়ারীগঞ্জ বাজারের উত্তর পাশের সেতুর অনেক জায়গায় ভেঙে গেছে। অন্যদিকে বাজারের দক্ষিণের সেতুটিরও একই দশা।এলাকাবাসী জানান, চারদলীয় জোট সরকারের আমলে প্রধান সড়কটি পাকা করা হলেও সড়কের ওপরে থাকা সেতু দুটি মেরামত করা হয়নি। বর্তমান সরকারের আমলেও এগুলো সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।তেওয়ারীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সফিক বলেন, তাঁরা এলাকার লোকজনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পাঁচ বছর ধরে ভাঙা অংশে কাঠ দিয়ে কোনোরকমে সেতু দুটি চলাচলের উপযোগী রাখছেন। কিন্তু কিছুদিন পরই সেতুর ভাঙা অংশগুলো আবারও চলার অনুপযোগী হয়ে যায়। বারবার সংস্কারকাজে টাকা দিতে দিতে এখন আর এলাকার লোকজনও টাকা দিতে চান না। ফলে সেতু দুটি দিয়ে এখন আর কোনো যানবাহনই চলাচল করতে পারছে না।বাজারের উত্তর পাশের সেতুটি দিয়ে মান্দারী, আমিনবাজার, দীঘলি ও দাসেরহাটে যাতায়াত করতে হয়। অন্যদিকে দক্ষিণের সেতুটির পাশেই হোসেনপুর উচ্চবিদ্যালয়। এই সেতু দিয়ে নতুন তেওয়ারীগঞ্জ, শান্তিরহাট, চৌরাস্তা মৌলভীহাট, পুকুরদিয়া ও ফরাশগঞ্জে যাতায়াত করতে হয়। হোসেনপুর উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সেতু দুটি দিয়ে চলাচল করে।এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব বিশ্বাস বলেন, ‘আমি সেতু দুটির অবস্থা দেখে এসেছি। সেগুলোর করুণ দশার বিষয়টি এলজিইডির প্রকল্প পরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।’