লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে গত শুক্রবার রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত নয়জন আহত হয়েছেন। পরে গভীর রাতে দুর্বৃত্তের শটগানের গুলিতে উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী মামুনুর রশিদ আহত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত ছাত্রলীগের নেতা-কর্মীরা লক্ষ্মীপুর-ঢাকা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে অবরোধ উঠিয়ে দিলে আবার যান চলাচল শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আওয়ামী লীগের কর্মী নাজিম উদ্দিনের কনফেকশনারি দোকানে এক ছাত্রলীগ কর্মীর পানি খাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে নাজিমকে ওই কর্মী চড় মারেন। এ ঘটনায় রাতেই বাজারের একটি দোকানে সালিস বসে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নাজিম ছাড়াও আওয়ামী লীগের কর্মী মনির হোসেন, সিরাজ উদ্দিন, মাইকেল, নাছির উদ্দিন ও ছাত্রলীগের কর্মী শিমুল, আরজু, রাহান, রিয়াজ আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ছাত্রলীগ নেতা মামুনুরের দেওপাড়া গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় মামুনুর পিঠে গুলিবিদ্ধ হন। পরে তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মামুনুর প্রথম আলোকে বলেন, রাত দুইটার দিকে দুর্বৃত্তরা তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।