লক্ষ্মীপুরে দুর্বৃত্তের হাতে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লুধুয়া গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে আবু তাহের (৬২) নামের এক ব্যক্তিকে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পুত্রবধূ তন্নি আক্তার বাদী হয়ে রায়পুর থানায় অজ্ঞাতনামা কয়েক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। জানা গেছে, উপজেলার কেরোয়া ইউনিয়নের আসলাম তফাদারবাড়ির আবু তাহেরের ঘরে সিঁধ কেটে রাত একটার দিকে কয়েকজন দুর্বৃত্ত ঢোকে। এ সময় তারা ঘুমন্ত অবস্থায় তাহেরকে লোহার শাবল ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাঁর চিৎকারে পাশের রুমে থাকা পুত্রবধূ তন্নি আক্তার এগিয়ে এলে তাঁর গলা টিপে ধরে দুর্বৃত্তরা। একপর্যায়ে ঘরের মধ্যে তাহেরের মৃত্যু হয়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, একই বাড়ির শহিদ উল্যার সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে তাহেরকে হত্যা করা হতে পারে। কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা বলেন, ‘দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাহেরকে নির্মমভাবে হত্যা করেছে। এখন কেউ ঘরেও নিরাপদ নয়।’কয়েক মাস আগে তাহেরের স্ত্রীও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। যোগাযোগ করা হলে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল মতিন বলেন, হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।