লক্ষ্মীপুর শহরের গ্রাহকেরা গতকাল বুধবারও প্রথম আলো পাননি। তবে জেলার অন্যান্য উপজেলায় পত্রিকা বিলি হয়েছে। গত মঙ্গলবার ও গতকালের প্রথম আলোয় লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন নিয়ে ধারাবাহিক খবর প্রকাশ করা হয়। মঙ্গলবার প্রথম পাতায় প্রকাশিত খবরের শিরোনাম ছিল, ‘তাহেরের “বিনয়ে” ভীত ভোটাররা!’, গতকালের খবরের শিরোনাম ছিল, ‘তাহেরের সঙ্গে যোগ হয়েছে ফেরারি বিপ্লবের ভয়’। সন্ত্রাসের ‘গডফাদার’ হিসেবে পরিচিত আবু তাহের এবার লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী।স্থানীয় পাঠকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পৌর নির্বাচন ঘিরে আবু তাহের ও তাঁর ছেলের কর্মকাণ্ড নিয়ে করা ওই সংবাদের কারণে তাঁর লোকজন পত্রিকার এজেন্টের কাছ থেকে প্রথম আলোর সব কপি নিয়ে যায়।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন শিক্ষক বলেন, পত্রিকায় কারও বিষয়ে লেখা আসতেই পারে। তাই বলে সব পাঠককে পত্রিকা পড়ার অধিকার থেকে বঞ্চিত করা কোন ধরনের মানসিকতা, তা সহজেই অনুমেয়। এ ধরনের লোক জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার অবস্থা কী হবে, তা এ থেকেই অনুমান করা যায়।গতকাল অনেক পাঠক অনলাইনে পত্রিকা পড়েছেন এবং নির্বাচন-সম্পর্কিত খবরের প্রিন্ট নিয়ে ফটোকপি পরিচিতদের সরবরাহ করেছেন। আগের দিন না পেলেও গতকাল জেলার সরকারি ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা পত্রিকা পেয়েছেন বলে জানান। তবে সাধারণ পাঠকের হাতে প্রথম আলো পৌঁছায়নি।লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নজরুল ইসলাম জানান, তিনি প্রথম আলোর পাঠক। তবে গত দুই দিন তাঁকে অন্য পত্রিকা দিয়েছেন হকার। জজকোর্টের অ্যাডভোকেট হাসিবুর রহমান ফোনে প্রথম আলোকে জানান, দুই দিন ধরে হকার তাঁকে প্রথম আলো দিচ্ছেন না। আরও অনেকে প্রথম আলো না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।জাতীয় পত্রিকার এজেন্ট রহমানিয়া প্রেসের স্বত্বাধিকারী মনোয়ার হোসেন দাবি করেন, হকারদের তাঁরা পত্রিকা দিয়েছেন, পরে কী হয়েছে, তা তাঁরা জানেন না। আরেক এজেন্ট সংবাদ কুটিরের মালিক নাজমুল আহসানও একই দাবি করেন। কিন্তু নাম প্রকাশ না করার শর্তে একাধিক হকার জানান, গত দুই দিনে তাঁদেরকে প্রথম আলো দেননি এজেন্টরা।