লক্ষ্মীপুরে গতকাল শুক্রবার জাটকা পরিবহনের দায়ে নয় জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং দুটি ট্রাকের চালক ও তাঁদের সহকারীদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অভিযান চালিয়ে দুই ট্রাকভর্তি দেড় হাজার কেজি জাটকাসহ ১৩ জনকে আটক করে পুলিশ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন কামাল হোসেন, নুর নবী, ডালিম হোসেন, নিজাম উদ্দিন, ইউনুছ, জুয়েল, সজীব, আলমগীর হোসেন ও দুলাল হোসেন। তাঁদের লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, গতকাল ভোরে কমলনগর উপজেলার বাত্তিরঘাট ও লুধুয়া মাছঘাট থেকে দেড় হাজার কেজি জাটকা নিয়ে দুটি ট্রাক ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। চন্দ্রগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে পুলিশ জাটকাভর্তি ট্রাক দুটি আটক করে। এ সময় পুলিশ নয় জেলে এবং দুই ট্রাকের চালক ও তাঁদের সহকারীদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত নয় জেলেকে এক বছর করে কারাদণ্ড এবং দুই ট্রাকের চালক ও সহকারীদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান। জব্দ করা জাটকা এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।