লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর দুইশিশু উদ্ধার
নিখোঁজের তিন দিন পর লক্ষ্মীপুর শহরের মজুপুর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে শিশু সুবর্ণা আক্তার (১২) ও স্বর্ণা আক্তারকে (১০) উদ্ধার করেছে পুলিশ। তারা দুই বোন। গত সোমবার শহরের বাঞ্ছানগর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
দুই শিশুর মা শাহনাজ আক্তার সাংবাদিকদের বলেন, তিনি পরিবার নিয়ে লক্ষ্মীপুর শহরের বাঞ্ছানগর এলাকার মনসা হাজি বাড়িতে থাকেন। তার মেয়ে সুবর্ণা একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে ও স্বর্ণা দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সোমবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে তাঁর দুই মেয়েকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার তিনি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, জিডির পর দুই শিশুকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গতকাল ভোর চারটার দিকে মজুপুর এলাকায় ওই দুই বোনকে রাস্তায় ছেড়ে দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে।
সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, একটি চক্র দুই শিশুকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করেছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।