লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ আবদুল মান্নান ও জহিরুল ইসলাম। সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈনুদ্দীন চৌধুরীর দাবি, মান্নান ও জহিরুল বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। র্যাবের অভিযানকালে তাঁরা নিখোঁজ হন।
নিহত মান্নানের বাড়ি সদর উপজেলার পশ্চিম জামিরতলী গ্রামে, বাবার নাম খলিলুর রহমান। আর জহিরুল ইসলাম পার্শ্ববর্তী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর উত্তমপুর গ্রামের মো. মহসিন খোকনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাতে সদর উপজেলার উত্তর জামিরতলী এলাকায় র্যাবের অভিযানের পর থেকে আবদুল মান্নান, জহিরুল ইসলাম ও মো. বেল্লাল হোসেন নিখোঁজ হন। নিহত ব্যক্তিদের পরিবার ও দলের দাবি, নিখোঁজ বিএনপির ওই তিন কর্মীকে র্যাবের সদস্যরা ধরে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে মান্নান ও জহিরুলের লাশ বটতলী এলাকায় পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পাশের খালপাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লক্ষ্মীপুর থানার এসআই আবু নাছের পুলিশ নিয়ে গিয়ে লাশ উদ্ধার করেন। মান্নানের ভাই ইসমাইল হোসেন জানান, রোববার রাতে র্যাব তাঁর ভাই মান্নানকে নিয়ে গেছে। এখন তাঁর লাশ পাওয়া গেল বটতলী এলাকায়।
এসআই আবু নাছের জানান, নিহতদের কুপিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে অভিভাবকদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈনুদ্দীন চৌধুরী জানান, নিহত ব্যক্তিরা বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। এ ছাড়া বিএনপির অপর কর্মী মো. বেল্লালের খোঁজ এখনো মেলেনি।
দলের একটি সূত্র জানায়, বিএনপির কর্মী সদর উপজেলার রতনেরখিল গ্রামের মো. বেল্লাল হোসেন রোববার রাতে র্যাবের অভিযানের সময় নিখোঁজ হন। তাঁর স্ত্রী লাভলী আক্তার জানান, নিখোঁজের দুই দিন পরও তাঁর স্বামীর খোঁজ পাওয়া যায়নি।
সদর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, নিহত মান্নান ও জহিরুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।