লক্ষ্মীপুরে নির্দেশ উপেক্ষা করে চলছে ছয়টি ইটভাটা!
পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর সদর উপজেলার ছয়টি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেও সেগুলো আবার চালু করা হয়েছে। তবে মালিকপক্ষের দাবি, ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়নি।পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জাফর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছয়টি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইটভাটাগুলো আবারও চালুর ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গত ২৩ ফেব্রুয়ারি র্যাবের সহায়তায় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাইন উদ্দিনের নেতৃত্বে লক্ষ্মীপুরের সদর উপজেলার পশ্চিম দিঘলীর এফএমবি ব্রিকস, পদ্মা ব্রিকস, মান্দারীর পলাশ ব্রিকস, আন্ধারমানিকে খোরশেদ ব্রিকস, চাঁদখালীর সুইটি ব্রিকস ও কুশাখালীর মা ব্রিকসে অভিযান চালানো হয়। অবৈধভাবে ড্রাম চিমনি দিয়ে ইটভাটার কার্যক্রম পরিচালনার দায়ে ভাটাগুলোর চিমনি ভেঙে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।সূত্র জানায়, অভিযানের পর পরের দিনই ইটভাটাগুলো আবার চালু করা হয়।গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, দিঘলী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের পাশে অবস্থিত এফএমবি ইটভাটায় ইট পোড়ানো হচ্ছে। ধোঁয়া ও ধুলার কারণে ইউপি কার্যালয়ের দরজা-জানালা বন্ধ করে রাখা হয়েছে।ইটভাটার পাশের বাড়ির মো. রফিক ও মো. শাহাজান বলেন, ইটভাটার ধোঁয়া ও ধুলার কারণে বাড়িতে এখন বসবাস করা যাচ্ছে না।এফএমবি ব্রিকসের মালিকের ছেলে আবদুল কাদের বলেন, ‘র্যাব ও পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে ভাটার চিমনি দড়ি কেটে ফেলে দিয়েছে। এ ছাড়া কিছু টাকা জরিমানা করে অধিদপ্তরের চট্টগ্রাম অফিসে দেখা করতে বলা হয়েছিল।’ তিনি বলেন, ইটভাটা আবারও চালুর জন্য পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের অনুমতির জন্য আবেদন করা হয়েছে।গতকাল সরেজমিনে পদ্মা ও পলাশ ব্রিকসে গিয়েও ইট পোড়াতে দেখা যায়।ইটভাটা মালিক সমিতির সভাপতি ও পদ্মা ব্রিকসের মালিক শেখ মুজিবুর রহমানের দাবি, ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়নি। সামান্য জরিমানা করে তাঁদের কারণ দর্শাতে বলা হয়েছিল। তাঁরা তার জবাব দিয়েছেন। তিনি বলেন, এখন ছয়টি ইটভাটার কার্যক্রম চলছে।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মোস্তফা কামাল মজুমদার বলেন, ‘প্রভাবশালী মহল জোর করে ইটভাটার কার্যক্রম চালাচ্ছে।’