লক্ষ্মীপুরে নির্বাচন বর্জন দুই প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটারবিহীন আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র।
ভোটারবিহীন আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগে লক্ষ্মীপুর-৪ আসনের (রামগতি-কমলনগর) তিন প্রার্থীর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এই দুই প্রার্থী হলেন এ কে এম শরিফ উদ্দিন (ফুটবল) ও আজাদ উদ্দিন চৌধুরী (হরিণ)।
নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল্লাহ আল মামুন।

নির্বাচন বর্জনের পর শরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রচুর কারচুপি ও ভোট জালিয়াতি হচ্ছে। ২৫টি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। একটি কেন্দ্রে তাঁর নিজের বোন পোলিং এজেন্ট ছিলেন। তাঁকে ঢুকতেই দেওয়া হয়নি। কারচুপি ও জাল ভোটের প্রতিবাদে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
অপর স্বতন্ত্র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী নির্বাচন বর্জন করার পর তাঁর সমর্থকদের নিয়ে রামগতি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে ‘এ নির্বাচন অবৈধ’, ‘মানি না মানব না’ বলে স্লোগান দেওয়া হয়। পরে র্যাব লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় রামগতি উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়।

গতকাল রাতে এই আসনের পাঁচটি কেন্দ্রের সামনে নাশকতার ঘটনা ঘটে। দুটি কেন্দ্রের বাইরে নির্বাচনী সরঞ্জাম বহনকারী পিকআপে আগুন দেওয়া হয়। এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৩টিকে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিএনপি-জামায়াত-অধ্যুষিত এই আসনে মোট ভোটার দুই লাখ ৬৬ হাজার ৭১৯ জন। সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে আমাদের এই প্রতিনিধি জানান, কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম। তবে বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা মুঠোফোনে জানান, ভালোই ভোট পড়ছে।

বেলা সাড়ে ১১টায় রামগতির হাটে রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদকে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে স্বতন্ত্র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী সমর্থকেরা।

বেলা দেড়টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা চর হাসান-হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ভোট হতে দেবে না উল্লেখ করে প্রিসাইডিং কর্মকর্তাদের ভয় দেখান।তখন তাঁরা ভয়ে কেন্দ্র থেকে বের হয়ে এক জায়গায় বসে থাকেন। 

অন্যদিকে দুপুর ১২টার দিকে রামদয়াল নুরানী হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে পাঁচ-ছয়জনকে বারবার ভোট দিতে দেখা গেছে।

আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ছিল ভোটারবিহীন ফাঁকা। তবে সেখানকার প্রিসাইডিং কর্মকর্তারা জানান, বেলা দেড়টা পর্যন্ত সেখানে এক হাজার ২০০ ভোট পড়েছে।