লক্ষ্মীপুরে নুরুল ইসলাম স্মৃতিস্তম্ভ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর মেয়র আবু তাহেরের লোকজন এবার লক্ষ্মীপুরে নুরুল ইসলাম স্মৃতিস্তম্ভের একাংশ ভেঙে ফেলেছে।প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রগুলো জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সৈনিক লীগের কর্মী ইয়াছিন সওদাগর ফিরোজের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এই স্থাপনাটি ভেঙে ফেলে। ফিরোজ আওয়ামী লীগের নেতা আবু তাহেরের ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত। তাহের এবার মেয়র হওয়ার পর ফিরোজকে পৌরসভায় চাকরি দেন।লক্ষ্মীপুর সদর থানা থেকে মাত্র ৫০ গজ দূরে প্রবেশমুখে নুরুল ইসলাম চত্বরে এই স্থাপনাটি অবস্থিত। স্থাপনাটির কাছাকাছি পৌরসভা কার্যালয় ও আবু তাহেরের বাড়ি। বিগত বিএনপি সরকার আমলে পৌরসভার অর্থায়নে সেখানে নিহত নুরুল ইসলামের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। তাতে মার্বেল পাথরের তৈরি নুরুল ইসলামের বড় প্রতিকৃতি রয়েছে। গত রাতে বড় হাতুড়ি দিয়ে প্রতিকৃতিটি ভেঙে ফেলার সময় স্থানীয় সাংবাদিকেরাসহ অনেকে আশপাশে ভিড় জমান। কিন্তু ভয়ে কেউ কিছু বলেনি। থানার এত কাছে ঘটনাটি ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।প্রথম আলোর ঢাকা কার্যালয় থেকে রাতে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি ছুটিতে, লক্ষ্মীপুরের বাইরে আছেন। তাই বিষয়টি জানেন না। তিনি থানার ডিউটি অফিসারের মুঠোফোন নম্বর দিয়ে তাঁর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে ওই নম্বরে ফোন দিলে সেট বন্ধ পাওয়া যায়। থানার টিঅ্যান্ডটি ফোনে যোগাযোগ করলে রাত ১২টায় ডিউটি অফিসার কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নুরুল ইসলাম স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার কোনো খবর তাঁরা তখন পর্যন্ত পাননি।মুঠোফোনে যোগাযোগ করে স্মৃতিস্তম্ভটি ভাঙার কারণ জানতে চাইলে ফিরোজ গালাগাল করে ফোনের লাইন কেটে দেন।