লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার লক্ষ্মীপুর শহরে পরিচ্ছন্নতা অভিযান পালন করা হয়। দুপুরে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর নেতৃত্বে আবিরনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও মধ্য আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠান দুটির আশপাশের এলাকা আবর্জনামুক্ত করেন।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুফ আলী, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, বিএমএর সভাপতি আশফাকুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যা। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা প্রশাসনের সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতা করেন।
জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, প্রতিটি বিদ্যালয় ও তাঁর আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবার সহযোগিতা দরকার।