লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উদাসীনতা

লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উদাসীনতায় সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামে বিদ্যুতের একটি তার তিন মাস ধরে ধানখেতে ঝুলে পড়ে আছে। এ ব্যাপারে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে একাধিকবার অভিযোগ করে কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে জানান কৃষকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের ৪৪০ লাইনের একটি তার পাঁচটি বৈদ্যুতিক খুঁটি থেকে তিন মাস ধরে চররুহিতা গ্রামের আমন ফসলের ধানখেতে ঝুলে পড়ে আছে। এ ব্যাপারে ধানখেতের মালিকেরা পল্লী বিদ্যুৎ অফিসকে অবহিত করলেও বিদ্যুতের তারটি সরানো হয়নি।
গত মঙ্গলবার সরজমিনে দেখা গেছে, উঠতি আমন ধানখেতের ওপর পাঁচটি খুঁটি থেকে পল্লী বিদ্যুতের তার পড়ে আছে।
পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তারটি বিদ্যুতায়িত নয় বলে দাবি করা হলেও স্থানীয় ব্যক্তিরা বলছেন, ওই লাইন থেকে চররুহিতা গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে।
চররুহিতা গ্রামের মো. দেলোয়ার ও মো. জুয়েলসহ একাধিক কৃষক জানান, বিদ্যুতের তারটি ঝুলে পড়ায় তাঁরা ভয়ের মধ্যে জমিতে ধান চাষ করছেন। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমন ধান কাটার আগেই তারটি সরানোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
এদিকে চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সেলিম পাটোয়ারী জানান, ধানখেত থেকে তারটি সরানো খুবই জরুরি।
একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আবুল বাশার জানান, বিদ্যুতের ওই লাইন থেকে চররুহিতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। তারটি পড়ার কারণে কৃষকেরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু প্রথম আলোকে জানান, তারটি সরানোর জন্য লোকজন পাঠানো হয়েছে। তবে তারটি বিদ্যুতায়িত নয় বলে তিনি দাবি করেন।