লক্ষ্মীপুরে পুকুর থেকে ১০ মাসের শিশুর লাশ উদ্ধার
লক্ষ্মীপুরে একটি পুকুর থেকে ১০ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম রাইসা আক্তার। গতকাল রোববার সকালে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। সে একই গ্রামের আবুল খায়েরের মেয়ে।
পুলিশ সূত্র জানায়, গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে মেয়েকে ঘরে না দেখে চিৎকার করতে থাকেন আবুল খায়েরের স্ত্রী ইয়াসমিন আক্তার। প্রতিবেশীরা সকালে বাড়ির পাশের পুকুরে শিশুর লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে গতকাল সকাল ১০টার দিকে পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
ইয়াসমিন আক্তার অভিযোগ করেন, দেবর মো. হাসান ও দেবরের ছেলে মোহন শনিবার রাতে তাঁকে মারধর করেন। রাত দুইটার দিকে খাটে মেয়েকে না দেখে তিনি চিৎকার করতে থাকেন। এ সময় ঘরের দরজা খোলা দেখতে পান।
দেবর মো. হাসান বলেন, রাতে ভাবির সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। মারামারি হয়নি। পুলিশ তদন্ত করলে হত্যার রহস্য বেরিয়ে আসবে।
সদর থানার এসআই আবদুল ওহাব বলেন, ঘটনাটি রহস্যজনক। শিশুটির মা-বাবাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ভূইয়া বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।