লক্ষ্মীপুরে পুলিশ ও সন্ত্রাসী গোলাগুলি আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামে গত বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে স্থানীয় সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।এ ঘটনায় দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব আলম বাদী হয়ে গতকাল শুক্রবার সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে বিএনপির বশিকপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামে এক বিএনপির কর্মীকে মারধর করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেমের লোকজন। এর জের ধরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়। খবর পেয়ে রাতে দত্তপাড়া তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। অপর দিকে বিএনপির নেতা আনোয়ার হোসেন দাবি করেন, পুলিশ তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে দুটি বসতঘর ভাঙচুর করে।দত্তপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর নবী জানান, পুলিশ এ ঘটনায় আলমগীর হোসেন, মো. হানিফ ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। তিনি পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, গাড়ি ভাঙচুর ও হামলার কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’