লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরী গ্রামে গতকাল বুধবার পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে পুলিশের দুই সদস্য আহত হন।দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নূর নবী বলেন, বিভিন্ন মামলার আসামি মতিন বাহিনীর প্রধান মো. আবদুল মতিনকে গ্রেপ্তার করতে গতকাল দুপুরে দক্ষিণ মাগুরী গ্রামে পুলিশ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে শতাধিক গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও ৫০টি গুলি করেছে। পুলিশ সূত্র জানায়, প্রায় এক ঘণ্টা দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল নুরুল আলম ও মো. সোলায়মান আহত হন। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার এসআই মো. শাহজাহান জানান, মতিনের বিরুদ্ধে দুই পুলিশ সদস্য হত্যা এবং ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি দোনলা বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, পুলিশ আবদুল মতিন ও তাঁর সহযোগী আবদুর রহিমকে গ্রেপ্তার করেছে।