লক্ষ্মীপুরে পুলিশ সন্ত্রাসী বন্দুকযুদ্ধ
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে গত শনিবার রাতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের দুই ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, পুলিশকে সহযোগিতা করার কারণে শনিবার সন্ধ্যার পর চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মো. স্বপনকে স্থানীয় একটি দোকানে বেদম মারধর করে সন্ত্রাসী জিসান বাহিনীর সদস্যরা। গুরুতর আহত অবস্থায় স্বপনকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনার পর জিসান বাহিনীর দ্বিতীয় প্রধান পাঁচপাড়া গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে হানা দেয় পুলিশ। তখন জিসানের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।
লক্ষ্মীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।