লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী ব্যাপক গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার মদনপুর গ্রামে গতকাল শুক্রবার সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে পুলিশের পাঁচজন সদস্যসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। অপহূত হয়েছে একটি শিশু।গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মিজানুর রহমান, ইসমাইল হোসেন, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম ও মো. হানিফ। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আবদুল বারেক নামের একজন অটোরিকশাচালকও গুলিবিদ্ধ হয়েছেন।এলাকাবাসীর ভাষ্যমতে, সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম জেহাদীর সন্ত্রাসী বাহিনীর সঙ্গে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। তবে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাশেম জেহাদীর সঙ্গে মাসুম বিল্লাহ ওরফে লাদেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে কাশেম জেহাদীর নেতৃত্বে সন্ত্রাসীদের একটি দল গতকাল দুপুরে স্থানীয় মাসুম বিল্লাহর বাড়িতে সশস্ত্র হামলা চালায়। তারা বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ওই বাড়ির মাহফুজুর রহমান, নুরনবী, লেদু মিয়া, শহিদ উল্যার ঘরসহ প্রায় ১০-১২টি ঘরে ভাঙচুর চালায়। লুট করে নেয় কয়েক লাখ টাকার মালামাল। তারা চলে যাওয়ার সময় মাসুম বিল্লাহর ভাগনে শিশু সামীরকে (৬) অপহরণ করে নিয়ে যায়।পুলিশের সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পথে মদনপুর এলাকায় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুই পক্ষে অন্তত দুই শতাধিক গুলিবিনিময় হয়।নাম প্রকাশে অনিচ্ছুক দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এক কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কমপক্ষে দুই শতাধিক গুলি ছুড়েছে। পুলিশও আত্মরক্ষার্থে ৭৪টি গুলি ছোড়ে। গোলাগুলিতে পুলিশের পাঁচজন সদস্য ও এক অটোরিকশাচালক আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ২০টি গুলি ও একটি মুঠোফোন উদ্ধার করেছে।মাসুম বিল্লাহর অভিযোগ, তাঁর ভাগনে সামীরকে অপহরণ করে নিয়ে গেছেন কাশেম জেহাদী।জানতে চাইলে কাশেম জেহাদী প্রথম আলোকে বলেন, ‘আমি সারা দিন বাড়িতে ছিলাম। তবে পুলিশের সঙ্গে গোলাগুলির কথা শুনেছি।’ শিশু অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমার কোনো বাহিনী নেই।’অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম গুলিবিনিময়ের ঘটনা নিশ্চিত করেছেন।সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা, অপহরণ ও পুলিশকে লক্ষ্য করে গুলির পরও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জেহাদীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশ্নে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি ক্রুদ্ধ কণ্ঠে এ প্রতিবেদককে বলেন, ‘আমি কিছু বলব না, লিখে দিন।’